রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ০৮:৫৪
রাজধানীর কুর্মিটোলায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন লাজুক (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন লাজুক লালবাগের বাগ মসজিদ এলাকার বাসিন্দা ও তার বাবার নাম আব্দুল মালেক। তিনি শেখ বোরহানউদ্দিন কলেজের ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
 
নিহতের বন্ধু মুন্না জানান, তারা ৫ বন্ধু ৫টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত সাড়ে ৯টার দিকে তারা কুর্মিটোলায় নৌ সদর দফতরের সামনে আসলে একটি ট্রাক সাজ্জাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি ঢামেকে মারা যান।
 
ঢামেকের ক্যম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ খবরটি নিশ্চিত করেছেন।