আইএসের অবরোধ ভেঙে বিমানঘাঁটিতে সিরীয় বাহিনী

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৩:১৮
সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) অবরোধ ভেঙে একটি বিমানঘাঁটির দখল ধরে রাখা সেনাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সিরীয় সেনাবাহিনী। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
 
খবরে বলা হয়, বহু সংখ্যক জঙ্গিকে হত্যা করে আলেপ্পোর পূর্বে কুওয়াইরিস বিমানঘাঁটি রক্ষায় নিয়োজিত সেনাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সেনাবাহিনীর একটি ইউনিট।
 
প্রায় দুই বছর ধরে বিমানঘাঁটিটি অবরোধ করে সেখানে হামলা অব্যাহত রেখেছিল আইএস জঙ্গিরা। বিমানঘাঁটিটির ভিতরে সিরীয় সামরিক বাহিনীর অবরুদ্ধ একটি অংশ তাদের প্রতিরোধ করে আসছিল। 
 
রুশ বিমান হামলার সহায়তায় সরকারি বাহিনীগুলো ঘাঁটিটিতে পৌঁছানোর চেষ্টা করছিল আর শেষ পর্যন্ত তা সম্ভব হল।
 
আলেপ্পোর দক্ষিণপূর্বের একটি জাতীয় মহাসড়কে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক সপ্তাহ পর কাছের কুওয়াইরিস বিমানঘাঁটিতে সফল হামলা পরিচালনা করলো সিরীয় সেনাবাহিনী। ওই মহাসড়কটি আলেপ্পোতে সরকারি রসদ পাঠানোর একমাত্র পথ। মহাসড়কটি আইএসের নিয়ন্ত্রণে ছিল।
 
আলেপ্পোর আশপাশের অঞ্চলগুলো বিদ্রোহী ও জঙ্গিদের দখল থেকে পুনরুদ্ধারের জন্য সম্প্রতি ব্যাপক অভিযান শুরু করে সিরীয় সরকারি সেনারা। অভিযানে লেবাননি ও ইরানি যোদ্ধারাও সহায়তা করছে। এরফলে কয়েক সপ্তাহ ধরে ওই এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে।
 
তবে সরকারি বাহিনী আলেপ্পো শহরে অভিযান না চালিয়ে শহরটির দক্ষিণের বিদ্রোহী অধিকৃত এলাকাগুলো মুক্ত করার দিকেই বেশি জোর দিয়েছে।
 
IMG0
 
এদিকে ভূমধ্যসাগরের তীরবর্তী শহর লাতাকিয়ায় বিদ্রোহীদের গোলাবর্ষণে অন্ততপক্ষে ২২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম ও যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে।
 
চার বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিবিসি।