পৈশাচিক রসিকতা!

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৩

নরসিংদীর পলাশ উপজেলায় রাসেল মিয়া (২২) ও বিজয়  (২১) নামে দুই যুবকের পৈশাচিক রসিকতার শিকার হয়েছে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। স্রেফ মজা করার জন্য তারা দু’জন খোরশেদ আলম গাজী (৪৫) নামের ওই মানসিক রোগীর শরীরে এসিড ঢেলে দিয়েছে। ফলে শরীরের প্রায় ৩০ শতাংশ এসিডে পুড়ে এখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন খোরশেদ। পৈশাচিক এই ঘটনাটি ঘটে শুক্রবার রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া গ্রামের সাকুরঘাট এলাকায়। খোরশেদ আলম গাজী ওই গ্রামের মৃত আব্দুল মুসলেউদ্দিনের ছেলে। অপরদিকে এসিড নিক্ষেপকারী রাসেল মিয়া একই এলাকার জুলহাস মিয়ার ছেলে ও বিজয় নামের অপর যুবক মোশারফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তারা দুই জনই পলাতক রয়েছে।

ঘটনার শিকার খোরশেদ আলমের মেয়ে উর্মি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবা মানসিক রোগে ভুগছেন। শুক্রবার রাতে তিনি বাড়ির পাশে একটি চা স্টলে বসে ছিলেন। সেখানে রাসেল ও বিজয় রসিকতার ছলে বাবার শরীরে ব্যাটারির এসিড ঢেলে দেয়। বাবা যন্ত্রণায় চিত্কার শুরু করলে তারা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আমাদের খবর দিলে আমরা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী চিকিত্সক মোঃ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এসিডে খোরশেদ আলমের শরীরের প্রায় ৩০ ভাগ ঝলসে গেছে। পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, এসিড নিক্ষেপের বিষয়টি শুনে হাসপাতালে রোগীকে দেখতে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।