গোসল করতে পুকুরে ঝাপ দেওয়া। এর পর আর তীরে উঠতে পারেনি শিশু হৃদয় (৯)। আবশেষে জেলে ডেকে জাল টেনে তার লাশ তীরে তোলা হয়। বুধবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের নাহার হোসেন বেচুর একমাত্র ছেলে হৃদয় তার সমবয়সী মামাতো ভাইয়ের সঙ্গে গ্রামের হাটখোলায় অবস্থিত নেপাল বিশ্বাসের পুকুরে দুপুরে গোসল করতে যায়। মামাতো ভাই পুকুরে ঝাপ দিয়ে উপরে উঠে আসার পর হৃদয় ঝাপ দেয়। দীর্ঘ সময়ে হৃদয় উপরে উঠে না আসায় সে বাড়ি ফিরে হৃদয়ের পিতাকে ঘটনাটি বললে শত শত মানুষ হৃদয়কে উদ্ধারে পুকুর পাড়ে ছুটে আসে। কিন্তু গভীর এ পুকুর হতে হৃদয়কে উদ্ধার করতে ব্যর্থ গ্রামবাসী শেষ পর্যন্ত তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও জেলেদের খবর দেওয়া হয়। জেলেরা এসে পুকুরে জাল টেনে প্রায় মৃত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
