সিলেটের গোলাপগঞ্জের বাঘা এলাকায় ৫৫ কেজির একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটি দেখতে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় অসংখ্য মানুষের ভিড় ছিল। সাপটি দেখতে অনেকেই বাঘার দুর্গম অঞ্চলে ছুটে যান। পরে সাপটি বন বিভাগের মাধ্যমে খাদিমনগর চা বাগান সংলগ্ন বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের টিলা বেষ্টিত গন্ডামারা গ্রামের সাবেক মেম্বার গিয়াস উদ্দিনের বাড়ির অদূরে গত সোমবার রাতে কয়েকজন দেখতে পান একটি অজগর সাপ টিলার উপর উঠার চেষ্ঠা করছে। তাৎক্ষণিকভাবে সাপটি ধরার চেষ্টা চলে। এক পর্যায়ে জনৈক জয়নাল আহমদ সাপটির মাথায় দুহাত দিয়ে চেপে ধরলে অন্যরা দড়ি দিয়ে গলায় বেঁধে একটি গাছের শিকড়ের সঙ্গে আটকে রাখেন। আটক অজগর সাপটির ৫৫ কেজি ওজন ও দৈর্ঘ্যে ১৫ফুট ছিল।
পরে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) র একটি টিম। স্থানীয় লোকজনের সহযোগিতায় সাপটি একটি পিকআপে তুলে সিলেট বন বিভাগের হাতে হস্তান্তর করলে বন বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন সাপটি সবার উপস্থিতিতে খাদিমনগর চা বাগানে উন্মুক্ত করে দেন।
