ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মালিবাগ এলাকায় ছিনতাই করার সময় সিসিটিভির দৃশ্যে ধরা পড়া সেই ছিনতাইকারী ইউসুফ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে মালিবাগের আতর বিবি লেন এলাকায় শাহজাহানপুর থানা পুলিশ এই অভিযান চালায়। গ্রেফতার অপর দুইজন হচ্ছে, ফরহাদ ফকির ও জসিম মাতব্বর। তাদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি লম্বা ছোরা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চ সকালে মালিবাগ প্রথম লেন সড়কে একজন রিকশা আরোহীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করে একটি চক্র। আশপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়ে। এরপর ওই এলাকায় আরও দুটি ছিনতাই হয়। শেষ পর্যন্ত স্থানীয় জনতা সিসিটিভি ফুটেজ থেকে ছবি নিয়ে ওই চক্রকে ধরতে এলাকায় পোস্টারিং করে।
গ্রেফতার অভিযানে যুক্ত শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ জানান, শনিবার ভোর তিনটার দিকে তারা জানতে পারেন আতর বিবি লেনের একটি ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী অবস্থান করছে। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে তিনি ওই এলাকায় গিয়ে সড়কমুখ ঘিরে ফেলেন। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে থানায় থাকা সিসিটিভি ফুটেজ ও পোস্টারের ছবি দেখে ইউসুফসহ তিনজনকে শনাক্ত করা হয়। তিনি আরো জানান, এরা ছিনতাইয়ের পাশাপাশি ডাকাতি করে। অভিযানের সময়ে ঘটনাস্থল থেকে সুজন, আবুল হোসেন ও কালা বাচ্চু নামে তিনজন পালিয়ে গিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে গতকাল সন্ধ্যায় শাহজাহানপুর থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করলে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
