৩০ ডিসেম্বরের নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে :ড. কামাল

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। গতকাল শনিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায়  আরো বক্তব্য রাখেন মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল    ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট তবারক হোসেইন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম. শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ। সভায় অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, ইঞ্জিনিয়ার সিরাজুল হকও উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৭ এপ্রিল শনিবার দলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়। কাউন্সিলের আগেই সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে জেলা সম্মেলন ও সফরসূচি সম্পন্ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।