আজ থেকে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল শুরু

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৩:১৩

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, চীন, আয়ারল্যান্ড এবং মিসরের নামকরা শিল্পীদের অংশগ্রহণে তিনদিনব্যপী এই লোকসঙ্গীত উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সান ইভেন্টস এবং বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন ‘ঢাকা ফোক ফেস্ট’ নামে এই উৎসবের আয়োজন করেছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, লোকজ সঙ্গীত নিয়ে এই প্রথমবার এমন আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।

উল্লেখ্যযোগ্য শিল্পীদের মধ্যে আছেন, বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শশী মন্ডল,কাঙালিনী সুফিয়া, নাশিদ কামাল, কামাল গৌরব ও বাউলিয়ানা, অর্ণব, জলের গানসহ প্রমুখ।

পাকিস্তান থেকে আবিদা পারভিন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল আসছেন। এছাড়া আয়ারল্যান্ড, চীনও মিশর থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন।

এই লোকসঙ্গীত উৎসবকে ঘিরে দারুণ সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, দেশি–বিদেশি শিল্পীদের নিয়ে প্রতিবছরই এমন আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে।

-বিবিসি