বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পানি শোধনাগার প্লান্টসহ চার প্রকল্পের উদ্বোধন হচ্ছে আগামীকাল সোমবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের অর্থায়নে এই চারটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভা এলাকার জনগণ দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য কষ্ট করছিল। প্রায় দেড় বছর আগে ভারত সরকার প্রায় অর্ধ লক্ষ পৌরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ করে। ভারত সরকারের অনুদানে পৌর এলাকায় ১১টি পানি শোধনাগার প্লান্ট স্থাপন করা হয়। সম্প্রতি প্রকল্পের বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়। এই প্রকল্পের জন্য ভারত সরকার সাড়ে ১১ কোটি টাকা অনুদান দেয়। আগামীকাল নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে যৌথভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া পৌরসভায় প্রকল্প এলাকায় উপস্থিত থেকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স যোগে ১১টি পানি শোধনাগার প্লান্ট উদ্বোধন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া দুই প্রধানমন্ত্রী ভারতের অর্থায়নে আরও তিনটি প্রকল্পের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। সেগুলো হচ্ছে, বিআরটিসিকে ডাবল ডেকার ও সিঙ্গেল ডেকার, এসি ও নন এসি বাস এবং ট্রাক সরবরাহ, জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া-এই পাঁচটি জেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বাংলাদেশে সার্কভিত্তিক ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের (এনকেএন) কর্মসূচি সম্প্রসারণ প্রকল্প।
