আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার অষ্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোমম্যাচ ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সকল দোকানপাট বন্ধ রাখা ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
আন্তর্জাতিক এ ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া, ফিফা কর্মকর্তা ও অষ্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বাংলাদেশে অবস্থানকালীন সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাসস।
