বাংলাদেশ সরকার এবং 'থ্যালেস এলিনিয়া স্পেস'র মধ্যে 'বঙ্গবন্ধু-১' টেলিযোগাযোগ স্যাটেলাইট চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদন সন্তোষ প্রকাশ করেছেন।
মায়াউদন আজ এক বিবৃতিতে বলেন, 'ইউরোপের একটি কোম্পানির বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরি ডিজিটাল বাংলাদেশে ইউরোপীয় প্রযুক্তির অবদানের প্রতি আস্থার একটি লক্ষণ। মেরিন এনভায়রনমেন্ট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মহাকাশের বহুমুখি ব্যবহারে এটি সহযোগিতার একটি পথ উন্মুক্ত করলো।'
এটা আধুনিকতার দিক দিয়ে ইইউ এবং বাংলাদেশের মধ্যে গভীর অংশীদারিত্বের একটি শক্তিশালী প্রতীক।
উল্লেখ্য, এই স্যাটালাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ আরো সুগম হবে। দীর্ঘ প্রতীক্ষার পর ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস কোম্পানির সঙ্গে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' নির্মাণ ও উৎক্ষেপণের ঐতিহাসিক চুক্তি সই হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও থ্যালেস এলেনিয়ার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেন লুইস গ্যালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। বাসস।
