‘সিডস্টার্স ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২০:২৫
বাংলাদেশে স্টার্টআপদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘সিডস্টার্স ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতা। 
 
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বুটক্যাম্প। 
 
লেনদেন, ভ্রমণ ও প্রযুক্তি এই বিষয়গুলো নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা।
 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সিডস্টারস ওয়ার্ল্ড এই প্রতিযোগিতার আয়োজন করেছে। 
 
পৃষ্ঠপোষকতায় রয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ও বিডি ভেঞ্চার লিমিটেড। সহযোগিতা করছে বেটারস্টোরিজ লিমিটেড ও প্রেনিউরল্যাব।
 
আগামী শনিবার দুপুর ২টায় বাংলাদেশ পর্যায়ে বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 
 
রাজধানীর বনানীর নিউজক্রেড কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান। 
 
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কিস্টিয়ান মার্টিন ফস, ফাউন্ডার ইনস্টিটিউটের ঢাকা চ্যাপ্টারের পরিচালক সাজিদ রহমান, নিউজক্রেডের সহ-প্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম, আইটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা মার্টিন লাব্বি, বিডি ভেঞ্চার লিমিটেডের নির্বাহী পরিচালক শাওকাত হোসেন প্রমুখ।