রংপুরে বিটুমিনের বয়লার ফেটে একজন দগ্ধ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৯

রংপুর অফিস

রংপুরের কাউনিয়ায় বিটুমিনের বয়লার বিস্ফোরিত হয়ে একজন দগ্ধ হয়েছে। এ ঘটনায় ব্যাপক এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের পাশের বিদ্যুত্ সাবস্টেশন বন্ধ করে দেওয়া হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, শনিবার উপজেলার হলদী বাড়ী রেলগেট এলাকায় রংপুর সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের ঠিকাদারের প্লান্ট মেশিনের বিটুমিনের বয়লার বিস্ফোরিত হয়ে বদি (৪০) নামের এক শ্রমিক দগ্ধ হয়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলের পাশের বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় অন্য বয়লার বিস্ফোরণের আশঙ্কায় আশপাশের মানুষকে পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নেয়। দীর্ঘ দিন ধরে কাউনিয়ায় কার্পেটিং এর মসলা তৈরি করে সড়ক বিভাগ বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারের কাজ করে আসছে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক অপারেশন, এ.কে.এম সামসুজোহা জানান, রংপুরের পাঁচটি, কাউনিয়া, হারাগাছ ও পীরগাছার তিনটিসহ আটটি ইউনিট সন্ধ্যা সোয়া ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।