চাঁদা না দিতে মেয়র সাঈদ খোকনের আহ্বান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ০০:৩৯
কোনো ধরনের চাঁদা না দিতে ফুটপাতের দোকানিদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল রাজধানীতে হকার্স পুনর্বাসনসহ নানা সমস্যা সমাধানে বাংলাদেশ হকার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা হকার্স মুক্ত করার অংশ হিসেবে গতকাল থেকে গুলিস্তান এলাকার কোনো রাস্তায় হকার্স না বসার নির্দেশ দেন তিনি। এজন্য ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে সমস্যা সমাধানের করণীয় বিষয়ে সুপারিশ জমা দেবে বলে জানান মেয়র।
 
পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা গড়ার জন্য পুনর্বাসনসহ হকারদের নানা সমস্যা সমাধানে প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক করেন মেয়র সাঈদ খোকন। এসময় মেয়রের কাছে প্রতিনিধিরা অনিয়ন্ত্রিত চাঁদা দিতে হচ্ছে অভিযোগ তুলে নীতিমালার মাধ্যমে তা গ্রহণের আহ্বান জানান। নির্দিষ্ট ৮টি স্থানে যাতে তারা বসতে পারেন তারও দাবি তুলে ধরেন প্রতিনিধিরা।
 

অভিযোগ শোনার পরে কোনো ধরনের চাঁদা না দিতে ফুটপাতের দোকানিদের আহ্বান জানান খোকন। তিনি বলেন, এমনকি মাঠপর্যায়ে সিটি করপোরেশনের কোনো সদস্যও যদি টাকা তুলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় দক্ষিণ সিটির সচিব খান মো. রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, হকার্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।