ইত্তেফাক রিপোর্ট
পোল্ট্রির মাংস ও ডিম রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস.ও.পি) ও গাইডলাইন শিগগির তৈরি করা হবে। গতকাল শনিবার রাজধানীতে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো’র সমাপনী দিনে বক্তারা এসব তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, পোল্ট্রি খাদ্য উপকরণের ক্রমাগত মূল্যবৃদ্ধি, নতুন নতুন রোগ-বালাইয়ের প্রাদুর্ভার, ওষুধের কার্যকারিতা কমে যাওয়া প্রভৃতি এ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।
বিশেষ অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ সচিব মো. রইছউল আলম মন্ডল বলেন, ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় এন্টিবায়োটিকের ব্যবহার যেন বেড়ে না যায় সেজন্য এখনই কার্যকর কৌশল নির্ধারণ করতে হবে। তিনি বলেন পোল্ট্রি পণ্য রপ্তানী বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডিম ও মাংস রপ্তানীর জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস.ও.পি) ও গাইডলাইন শিগগির তৈরি করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান ও ওয়াপসা-বিবি’র সভাপতি শামসুল আরেফিন খালেদ।
