আজ হুমায়ুন আহমেদের জন্মদিন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১২:০৫
হিমু ও মিসির আলির জনক কথাসাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদের আজ ৬৭তম জন্মদিন। ১৯৪৮ সালের এ দিন তিনি নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন।
 
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরক দিয়েই বাংলা কথাসাহিত্যে পালাবদলের ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। এর পর শঙ্খনীল কারাগার, লীলাবতী, জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন, বাদশাহ নামদারসহ দুইশোর বেশি উপন্যাস রচনা করেছেন হুমায়ূন আহমেদ। 
 
তার উপন্যাসের চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র  বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দা কিংবা সেলুলয়েডে তরুণ-তরুণীদের আপনজন হয়ে ওঠে। ১৯৮০ সালে নাটক রচনা শুরু করেন হুমায়ূন আহমেদ। তার লেখা নাটক এই সব দিনরাত্রির জনপ্রিয়তার পর তিনি তৈরি করেন বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষীসহ বহু নাটক। 
 
সিনেমা পরিচালক হিসেবেও পেয়েছেন তিনি সাফল্য। ১৯৯৪ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমনি। এই সিনেমার জন্য তিনি ১৯৯৪ সালে জাতীয় ‍পুরস্কার পেয়েছিলেন। একই বছর তিনি একুশে পদক অর্জন করেন। এরপর তিনিও নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া এবং আমার আছে জলসহ বহু চলচ্চিত্র। তার নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা।
 
এর পর থেকেই হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে ক্যান্সার চিকিৎসায় তাকে যেতে হয় যুক্তরাষ্ট্রে। কোটি বাঙালিকে কাঁদিয়ে ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।