'সংলাপের জন্য অনুনয়-বিনয় করছে বিএনপি'

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৬:২৮
 
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সহিংসতার রাজনীতি করতে গিয়ে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। রাজপথ-সংসদ কোথাও তাদের স্থান নেই।
 
শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী মটর চালক লীগ কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিলপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
 
তিনি এ সময় বলেন, অনেক নেতা-কর্মী ইতিমধ্যেই বিএনপি ছেড়ে গেছেন। নেতা-কর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বের উপরে অসন্তোষ প্রকাশ করছে। তাই বেগম জিয়া এখন লন্ডনে বসে সরকারকে সংলাপের অনুনয় জানিয়ে বলছে, আমরা একটু কথা বলতে চাই, আমাদের ডাকুন।
 
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে বিএনপিকে প্রধানমন্ত্রী নিজে ফোন করে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া সংলাপে না এসে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নির্বাচন বানচালের ডাক দিয়েছিলেন। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। বলেছিলেন সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরে যাবেন না। প্রকৃতপক্ষে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে সহিংসতা ও ষড়যন্ত্রের রাজনীতি বেছে নিয়ে তিনি নিজেরই পতন ঘটিয়েছেন।
 
যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ; তাদের সঙ্গে কোন সংলাপ হবে না এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা সমঝোতার রাজনীতি চাই। তাই বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ আপনাদের দলে যাদের হাতে মানুষের রক্ত, যারা জামাতকে সঙ্গে রাখতে চায় তাদের সরিয়ে দিন। যুদ্ধাপরাধী জামাতের সঙ্গ ছাড়ুন, নিজেদের সহিংস রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান, ষড়যন্ত্রের রাজনীতি করবেন না বলে জনগণের কাছে অঙ্গীকার করুন, তাহলে হয়তো জনগণ আপনাদের ক্ষমা করতে পারে।
 
সংঠনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপকমিটির অন্যতম সহ-সম্পাদক আব্দুল আউয়াল শামীম, মটর চালক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।