ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তাদের ভারতে যাওয়ার কথা ছিল।
গয়েশ্বর রায়ের ব্যক্তিগত সহকারী শাহীন জানান, স্যারের (গয়েশ্বর) শনিবার বিকাল সোয়া ৫টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। অপর দিকে আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোনো সময় আমাকে ক্লিয়ারেন্স দেওয়া নিয়ে এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্রের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দরাবাদ যাওয়ার কথা। বিমানবন্দরে যাওয়ার পর দু’জনের একজনকেও ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, ফ্লাইট চলে গেছে।
এ ব্যাপারে বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল আউয়াল মিন্টুকে ফেরত পাঠানো হয়েছে। তবে গয়েশ্বর চন্দ্র রায় বিমানবন্দরে এসেছিলেন কীনা তা আমাদের জানা নেই।
