ওয়ারীতে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৫:৫১
 
রাজধানীর ওয়ারীতে বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আলমগীর হোসেন (৬২) নামের ঐ ব্যক্তি মারা যান।
 
বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল জানান, আলমগীরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার স্ত্রী হোসনে আরা (৪৮) ও তাদের সন্তান সামলীলা আলম ত্রপী (১৯) চিকিত্সাধীন রয়েছেন। তাদের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
 
বৃহস্পতিবার রাতে ওয়ারীর রথখোলা মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঐ ফ্ল্যাটের তিনজন বাসিন্দা দগ্ধ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দগ্ধ ঐ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাসার গ্যাস লাইনে ছিদ্র থাকায় সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে এবং রাতে আগুন জ্বালালে বিস্ফোরণ হয়।