আশুলিয়ায় অ্যাসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১০:৩৯
আশুলিয়ার বুড়িবাড়ি উত্তরপাড়ায় স্বামী ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে মাজেদা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত মাজেদার বাড়ি মাগুরা জেলার শালিথা থানার আরপাড়া গ্রামে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়া থানার বুড়িবাড়ি উত্তরপাড়ায় ভাড়া থাকতেন।
 
নিহতের খালাত ভাই একরামুল জানান, গত ২৫ অক্টোবর রাত দেড়টার দিকে স্বামী সোহাগের ছোড়া অ্যাসিড দগ্ধ হন মাজেদা। তাদের সংসারে দুটি সন্তান। বিয়ের পর স্বামী সোহাগ তাকে প্রায়ই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতেন। এরই জের ধরে তাকে অ্যাসিডে ঝলসানো হয়েছে বলে দাবি করেন একরামুল। 
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজারুল ইসলাম জানান, সোহাগকে ধরার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।