কুমিল্লায় শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে এক গৃহবধূ (৩৫) আত্মহত্যা করেছে। তবে তার কন্যা সন্তানটি সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। নিহত মুন্নী আক্তার জেলার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
রবিবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা রেল ষ্টেশনের অদূরে শাসনগাছা ঈদগাহ এর পাশে এ ঘটনা ঘটে। মুন্নীর সাত বছর বয়সী কন্যাকে আহত অবস্থায় পুলিশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১ টা থেকে অজ্ঞাত মুন্নী আক্তার তার শিশু সন্তানকে নিয়ে শাসনগাছা এলাকার ঈদগাহ এর পাশে অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে তিনি শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে শিশু সন্তানটি বেঁচে গেলেও তার একটি পা ক্ষত-বিক্ষত হয়ে গেছে।
পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, বিকাল সাড়ে তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
