ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের মুফতী জসিম উদ্দিন রাহমানীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
রবিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন আদালতে সাক্ষ্য দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জমান নুর।
জবানবন্দি গ্রহণের পর তাকে জেরা করেন আসামিদের আইনজীবী। জেরা শেষে ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ সাক্ষ্য গ্রহনের জন্য এ দিন ধার্য করেন। এখন পর্যন্ত এ মামলার চার্জশিটভুক্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মাহাবুবুর রহমান।
তিনি জানান, মুফতী জসিম ২০১৩ সালের ২ সেপ্টেম্বর এই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। আসামিদের পক্ষে ম্যজিস্ট্রেটকে জেরা করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। তিনি জানান, এ মামলার আসামি সাদমান ইয়াছির মাহমুদের স্বীকারোক্তি নিয়েছেন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান। সোমবার সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে তিনি হাজির হবেন।
এর আগে মামলার আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদকে (২০) ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা (৩০) পলাতক আছেন।
