চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ০০:৩৪

রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের কোয়ার্টার থেকে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পেছনের একটি পাঁচ তলা ভবনের নিচ তলা থেকে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তার নাম তানজিলা জাহান মিথিলা (২৭)। তিনি কুমিল্লা কান্দিরপাড়ের বাসিন্দা ফিরোজ আহমেদের মেয়ে। তার স্বামী মিজানুর রহমানও একজন চিকিৎসক।

তানজিলার মামা খন্দকার আমিনুল হকের কাছ থেকে জানা গেছে, তানজিলা এক বছর আগে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পড়াশোনা শেষে মিজানুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর দুজন মিজানুরের নামে বরাদ্দ কোয়ার্টারে থাকতেন। মিজানুর রহমান ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। তাঁর বাড়ি নোয়াখালী।
তানজিলার মামার দাবি, তাঁর ভাগ্নি আত্মহত্যা করতে পারেন না।
তানজিলার ঘরে থাকা টেবিলের ওপর একটি চিরকুটও পাওয়া গেছে। চিরকুটটি পুলিশের কাছে আছে।
এ ব্যাপারে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, চিকিৎসকের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।