ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন তামিম ইকবাল। এ ছাড়া লিটন দাস ৩৩ ও সাদমান ইসলাম ২৭ রান করেছেন। স্বাগতিকদের পক্ষে নেইল ওয়াগনার চারটি ও ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট পেয়েছেন।
বৃষ্টির কারণে ওয়েলিংটনের প্রথম দুই দিনে বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনেই ব্যাট করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন জুটি। সাদমান ২৭ রান করে গ্রান্ডহোমের বলে আউট হন।
এরপর দলীয় ১১৯ রানে ব্যক্তিগত ১৫ রানে ওয়াগনারের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক। একই বোলারের বলে উইকেট রক্ষক ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। তিনি মাত্র তিন রান করে দলীয় ১২৭ রানে ফিরে যান।
আরো পড়ুন : প্রচারণা শেষ, সোমবার ডাকসু নির্বাচন
মুমিনুল ও মিথুনের মতো তামিমও আউট হয়েছেন ওয়াগনারের শর্ট বলে। দলীয় ১৩৪ এবং ব্যক্তিগত ৭৪ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দলের ১৫২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন সৌম্য সরকার। হেনরি বলে আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ২০ রান করেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লিটন দাস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ১৩ রানে রিয়াদ ও ৩৩ রানে লিটন দাস আউট হন। স্কোরবোর্ডে ৬ রান যোগ করে বাংলাদেশের শেষ চার ব্যাটসম্যান আউট হলে ২১১ রানে টাইগারদের প্রথম ইনিংস গুটিয়ে যায়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসাইন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং, কোলিন ডি গ্রান্ডহোমি, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/ইউবি
