রাজধানীতে বাইসাইকেল নিয়ে সৃষ্ট বিরোধে ছুরিকাঘাতে তারেক হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডার খানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক লক্ষীপুরের সমেশ্বর গ্রামের শফিক হোসেনের ছেলে বলে জানা গেছে।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার জানিয়েছেন, সাইকেল দেয়া-নেয়া নিয়ে তারেক ও তার বন্ধু সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন (২৬) তারেককে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তারেককে রাজধানী ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুমনও আহত হয়েছেন।
নিহত তারেকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা আছে। অন্যদিকে, আহত সুমন পুলিশি হেফাজতে একই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
