রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও স্থানীয় দোকানদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী, দোকানদার ও পুলিশসহ পাঁচ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় কলেজের সামনেরে সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তিতুমীর কলেজের শিক্ষার্থী পাভেল, ফাইজুলসহ তিনজন, দোকানদার সুজন ও বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান।
কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, দোকানে চা খেতে গেলে দোকানী তাদের ওপর চা ফেলে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় লোকজনদের নিয়ে তাদের ওপর হামলা করেন।
এদিকে, দোকানীদের অভিযোগ- প্রায়ই এই শিক্ষার্থীরা চা খেয়ে টাকা না দিয়েই চলে যান। রবিবার এর প্রতিবাদ করলে তারা ওই দোকানীর ওপর চড়াও হন।
বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে তিনি আহত হন।
