ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহত করতে হবে: মিজানুর রহমান

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৭:৪৪
 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘যারা ধ্বংসাত্মক রাজনীতি করে তাদের প্রতিহত করতে হবে।’
 
সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিহত করতে ব্যর্থ হবার কারণেই আইন-শৃঙ্খলা রক্ষাকারীরাও ধ্বংসাত্মককারীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না। রাজন ও রাকিবের যেভাবে অতিদ্রুত বিচার সম্ভব হয়েছে। এমনভাবেই সব অপরাধীদের বিচার শেষ করতে হবে। নাহলে সুষ্ঠু বিচার থেকে মানুষ বঞ্চিত হবে। এ সময়ে ত্বকী হত্যারও দ্রুত বিচার দাবি করেন তিনি।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পর রিমান্ডে না নেয়ায় দেশবাসীর মতো তিনিও হতবাক হয়েছেন।