ওয়েলিংটনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড। মাঠে নামার পরই কিউইদের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হেনেছেন আবু জায়েদ। মাত্র ৮ রানের মধ্যে দুই ওপেনার জিত রাভাল ও টম লাথামকে সাজঘরে ফেরত পাঠান তিনি। এখন তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও রস টেলর ব্যাট করছেন।
ম্যাচের প্রথম দু’দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ রবিবার ভোররাতে টস হেরে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ওপেনিং জুটিতে ৭৫ রান করে দারুণ একটা শুরুর আভাস দিচ্ছিলেন। তবে অন্য ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি। তাই ২১১ রানেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। তামিম করেন ৭৪ রান। এছাড়া লিটন ৩৩, সাদমান ২৭ ও সৌম্য ২০ রান করেন। নেইল ওয়াগনার ৪টি এবং ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নেন।
আরও পড়ুন: গ্যাসের দাম বৃদ্ধিতে গণশুনানি শুরু সোমবার
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে।
ইত্তেফাক/কেআই
