বুড়িগঙ্গা নৌকাডুবিতে নিখোঁজ থাকা শাহজালালের স্ত্রী শাহিদার (৩২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসেরকর্মীরা। রবিবার সকাল সোয়া ১০ কেরানীগঞ্জের তেলঘাট আওলাদ ডকইয়াডের কাছে তার মরদেহ ভেসে উঠে।
নৌকাডুবিতে নিখোঁজ থাকা ছয়জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোস্তফা মহসিন জানান, নৌকাডুবিতে নিখোঁজ থাকা শাহজালাল পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার জামশিদা (২০), শনিবার দেলোয়ার (৩৮), তার ৭ মাসের ছেলে জনায়েদ, মিম (৪) ও মাহির (৬) মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য শাহিদার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : সিরাজগঞ্জে একটি কেন্দ্রে ভোট স্থগিত, প্রিসাইডিং অফিসারসহ আটক ৩
প্রসঙ্গত, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নৌকাডুবির এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন।
নৌকাডুবির এ ঘটনা তদন্তে বিআইডাব্লিউটিএ শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। এরপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইত্তেফাক/এমআরএম
