আপত্তিকর তথ্য নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করতে নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে প্রথম পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ফেসবুক কর্তৃপক্ষ একটি প্রস্তাব দিয়েছিল চুক্তি করতে, কিন্তু তারা করেননি। কনটেন্টের জন্য ফেইসবুক কর্তৃপক্ষ ইনডেমিনিটি (দায়মুক্তি) চেয়ে এ আবেদন করেছিল।’
ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সেই সুযোগ আবার নেয়ার নির্দেশনা দেয়ার ব্যাখ্যাও তুলে ধরেন তিনি। তারানা হালিম বলেন, ‘ফেসবুকের সঙ্গে যেন চুক্তি করতে পারি, যাতে যেসব কন্টেন্টগুলো আছে মানহানিকর, নারীর প্রতি অবমাননাকর, রাজনৈতিক কারণে বা জঙ্গি উত্সাহ প্রদান করে, দেশে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্ট করে, তা কন্ট্রোল করার জন্য ফেইসবুকের সঙ্গে চুক্তি করা জরুরি।’
