হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস ইসলামিক স্টেটের (আইএস) সাড়ে পাঁচ হাজারের ওপর টুইটার অ্যাকাউন্ট অকার্যকর করে দিয়েছে। গত শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে অ্যানোনিমাস।
হ্যাকার গ্রুপটির #OpParis টুইটার অ্যাকাউন্ট থেকে আইএসের টুইটার অ্যাকাউন্টগুলো অকার্যকর করে দেয়ার দাবি করা হয়েছে।
IMG0
অ্যালেক্স পাউচার নামে অ্যানোনিমাসের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, 'বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমাদের দক্ষ হ্যাকার, ডাটা মাইনার ও গোয়েন্দাদের মাধ্যমে আমরা আইএসের বিরুদ্ধে কাজে লাগিয়েছি। আমাদের এমন লোক রয়েছে যারা জঙ্গিদের খুব কাছে থেকে কাজ করে। এর ফলে খুব সহজেই আমরা জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য পাচ্ছি।' তিনি আরো বলেন, 'আমরা অনেক দেশের সরকারের চেয়ে আইএসবিরোধী অনলাইন যুদ্ধ পরিচালনার ক্ষমতা রাখি।'
প্যারিস হামলার পর অ্যানোনিমাসের প্রতীক হিসেবে পরিচিত মুখোশ পরা এক ব্যক্তি ফরাসী ভাষায় ধারণ করা এক ভিডিও আইএস বিরোধী সাইবার যুদ্ধের ঘোষণা দিয়ে বলেন, 'ফরাসী জনগণ তোমাদের চেয়ে শক্তিশালী। তারা এই পাশবিকতা থেকে বেরিয়ে আসবেই। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অ্যানোনিমাসের সদস্যরা তোমাদের ঘায়েল করবে। তোমরা জানো, আমরা তোমাদের খুঁজে বের করবো এবং ছেড়ে দেবো না। তোমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার হামলা শুরু করা হবে। আমাদের জন্য অপেক্ষা করো। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। প্রস্তুত হও।' এসময় অ্যানোনিমাস তার জ্ঞান মানবজাতিকে ঐক্যবদ্ধ করার কাজে লাগানোর অঙ্গিকার করে। সূত্র: রাশিয়া টুডে
