বিশ্ব শিশু দিবস উদযাপন করবে জাগো ফাউন্ডেশন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২১:০০
জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং ভলান্টিয়ার ফর বাংলাদেশ আগামী বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস উদযাপন করবে। দেশে দিবসটিকে জনপ্রিয় করা ও শিশু অধিকার চর্চাকে সবার সামনে নিয়ে আসতে ৭ম বারের মত এ দিবসটি পালন করছে সংস্থাটি।
 
জাতিসংঘ অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি)’র ৪ নম্বর গোল হচ্ছে- সবার জন্য মানসম্মত শিক্ষা। এই বিষয়টি সামনে রেখে সবার মাঝে সচেতনতা তৈরি করতে সারা দেশের ৩২ টি জেলায় হাজারো ভলান্টিয়ার সুবিধাবঞ্চিত শিশুদেরকে শৈশবে ফিরিয়ে নেয়ার চেষ্টা করবে এবং তাদেরকে রাস্তা থেকে নিয়ে একটি পার্কে/মাঠে বিভিন্ন ধরনের বিনোদন দেয়া হবে।
 
এ উপলক্ষ্যে মঙ্গলবার একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজী দৈনিক দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, হেড অব এসএইচএস সেলস শাহ মাকসুদুল গনি, রহিম আফরোজ বাংলাদেশ লিঃ চেয়ারপারসন নাফিসা কামাল ও জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাখসান্দ প্রমুখ উপস্থিতি ছিলেন।
 
করভী রাখসান্দ বলেন, ‘ছয় বছর ধরে আমরা বিশ্ব শিশু দিবস পালন করে আসছি এবং গত নয় বছর ধরে মানসম্মত শিক্ষা ও শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের দেশের ইয়ুথও এই ব্যাপারে সচেতন। আমি অনেক আনন্দিত যে ইউএন এবার মানসম্মত শিক্ষাকে তাদের এসডিজির চার নম্বর গোল হিসেবে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজির মত এসডিজিতেও বাংলাদেশকে বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে চেয়েছেন এবং শিক্ষায় বিনিয়োগ করার কথা বলেছেন।’
 
ডেইলি স্টার সম্পাদক সমাহফুজ আনাম বলেন, ‘জাগো ফাউন্ডেশন ভলান্টিরিয়াজম প্রমোট করছে, যেখানে সমাজের গরিব ও ধনী দুই শ্রেণীর মিলন ঘটছে। এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগো এগিয়েছে তাদের অনলাইন স্কুল ও মানসম্মত শিক্ষার মাধ্যমে।'