ফরমালিন যন্ত্র সংগ্রহ না করায় ৩ সচিবের বিরুদ্ধে রুল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২১:৪০
 
হাইকোর্টের রায়ের পরও খাদ্য-দ্রব্যে ফরমালিনের উপস্থিতি শনাক্তকরণের যন্ত্র সংগ্রহ না করায় সরকারের তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। রুলে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও খাদ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন কার্যক্রম গ্রহন করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরোটরির গত বছর দেয়া পৃথক-পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফরমালডিহাইড মিটার জেড-৩০০ নামক যন্ত্রটি ফল, মাছসহ বিভিন্ন খাদ্য দ্রব্যে ফরমালিনের উপস্থিতি নিশ্চিতকরণে জন্য তৈরি করা হয়নি। তবে এটি বাতাসে ক্ষতিকর কেমিক্যাল (রাসায়নিক) আছে কি না, তা পরীক্ষা করতে পারে।’
 
হাইকোর্টে এ প্রতিবেদন দাখিলের পর স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও খাদ্য সচিবকে খাদ্য-দ্রব্যে ফরমালিনের উপস্থিতি নিশ্চিতকরণে সঠিক যন্ত্র সংগ্রহের জন্য নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের বেধে দেয়া সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ওই যন্ত্র সংগ্রহ করা হয়নি। এ জন্য সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে প্রথমে লিগ্যাল নোটিস পাঠানো হয়। পরে নোটিসের জবাব না পাওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট রুল জারি করে।