টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২২:১৩
গাজীপুরের টঙ্গী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাজ্জাদ হোসেন বাদল (২০) নামে এক শ্রমিক খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আউচপাড়া মোক্তারবাড়ি রোডে এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতের মা শামছুর নাহার জানান, গত দুই মাস আগে এলাকার বখাটে যুবক সাদ্দাম (১৮), নাইম (১৯) ও জাকিরসহ (১৯) ৬/৭ জনের সঙ্গে বাদলের বাক্বিতণ্ডা হয়। স্থানীয়রা এ ঘটনার মীমাংসা করে দেয়। কিন্তু ওই ঘটনার সূত্র ধরেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সাজ্জাদকে আটক করে ওই বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আশংকাজনক অবস্থায় তাকে উত্তরা রিজেন্ট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’