প্যারিস হামলার প্রধান পরিকল্পনাকারীকে ধরতে অভিযান, প্রচণ্ড গোলাগুলি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১২:৪০
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলীর সেন্ট ডেনিস এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে সেখানে প্যারিস সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটস জঙ্গি আবদেল হামিদ আবু ওউদকে আটক করতে অভিযান পরিচালনা করছে স্থানীয় পুলিশ ।
 
স্থানীয় সময় ভোর সাড়ে চারটার সময় থেকে এই অভিযান শুরু করা হয়। ধারণা করা হচ্ছে হামলার প্রধান পরিকল্পনাকারী আবু ওউদ এর সঙ্গে আরো দুইজন হামলাকারী সেখানের একটি অ্যাপার্টমেন্টে  অবস্থান করছেন। সেখানে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত সেখানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন পুলিশ আহত হয়েছে।  এই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে এবং পুলিশের সঙ্গে সামরিক বাহিনীও এসে যোগ দিয়েছে। গার্ডিয়ান ও বিবিসি।