সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে রাশিয়ার বোমা হামলা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৬:১২
সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। মিশরে তাদের যাত্রীবাহী বিমান বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে এমন খবর নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার এ হামলা চালায় মস্কো। 
 
উল্লেখ্য, বিধ্বস্ত হওয়ার পর রুশ বিমানের ২২৪ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমান হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে ‘শাস্তি’ দেয়ার শপথ নিয়েছেন। তবে তিনি কোন নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনের কথা উল্লেখ করেননি।
 
তিনি সিরিয়ায় মস্কোর অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং বিমানে হামলাকারীদের বিরুদ্ধে ‘নির্মম প্রতিশোধ’ গ্রহণের অঙ্গীকার করেছেন।
 
ওই রুশ বিমানটির ওপর যারা হামলা চালিয়েছে তাদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছে। ৩১ অক্টোবর বিমানটি সিনাইয়ের শার্ম আল-শেখ থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। কায়রো জানিয়েছে, বিমানটি ‘সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল’ বলে সম্ভাবনা থাকার প্রেক্ষিতে মিশর কর্তৃপক্ষ দেশটির বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে। 
 
যদিও মিশরীয় তদন্ত কর্মকর্তারা এখনও এই বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠককালে বলেন, এবারই প্রথম রাশিয়ার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়নি। রাশিয়া এর আগেও বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
 
পুতিন বলেন, সিনাইয়ে আমাদের জনগণকে হত্যার ঘটনা অন্যতম ভয়াবহ জঘন্য অপরাধ। হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন আমরা তাদের খুঁজে বের করে শাস্তি দিব। আইএস জঙ্গি গোষ্ঠী রুশ বিমানে হামলার দায়িত্ব স্বীকার করেছে।  রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু জানান, সর্বশেষ আইএস জঙ্গিদের ২০৬ টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বাসস।