বিদেশি নাগরিক হত্যা চেষ্টায় বিএনপির উদ্বেগ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৮:০৮
 
দিনাজপুরে ইতালির নাগরিক পিয়ারো সামিওকে (৫০) হত্যা চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে কোনো প্রকার কালক্ষেপণ ও দোষারোপের রাজনীতি না করে প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে দলটি।
 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
 
রিপন বলেন, ‘ইতিমধ্যে ঢাকা ও রংপুরে দুইজন বিদেশি নাগরিক সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। এতে করে বিদেশে আমাদের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুণ্ন হয়েছে। আবার নতুন করে দিনাজপুরের ঘটনায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। আমরা আশা করব—সরকার প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করবে। দেশের জনগণসহ বিদেশিদের নিরাপত্তায় বাস্তবসম্মত পদক্ষেপ নেবে।’
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সরকার এক ধরনের অস্থিরতায় ভুগছে। সে জন্য বারবার নানা ধরনের পরিবর্তন এনে স্থানীয় সরকার ব্যবস্থা নিজেদের অনুকূলে নেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে আইন সংশোধন করা হচ্ছে, তাতে এখনো বৈষম্যমূলক ব্যবস্থাগুলো বহাল রাখা হয়েছে। সব ধরনের অসামঞ্জস্য ও বৈষম্য দূর করে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানান বিএনপির মুখপাত্র।’
 
সরকারের উদ্দেশে রিপন বলেন, ‘একই সঙ্গে পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোনো ছলচাতুরির আশ্রয় না নিয়ে এবং গ্রেফতার-নিপীড়ন বন্ধ করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিজেদের জনপ্রিয়তা একবার পরখ করে দেখুন।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, শাম্মী আখতার, হেলেন জেরিন খান প্রমুখ।