রাজশাহীর গোদাগাড়ীতে ব্যালটে সিল মারার সময় সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পোলিং অফিসার নাজমুল হক, সহকারি প্রিজাইডিং অফিসার মুকিদ আলী মাস্টার ও নৌকার পোলিং এজেন্ট মাসুদ রানা। তারা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে সিল মারছিলেন বলে অভিযোগ।
রিটানিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘তিনজন মিলে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। তারা দ্রুত গিয়ে তাদের গ্রেপ্তার করে বেশকিছু সিল মারা ব্যালট পেপার জব্দ করে। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।’
এদিকে, গোদাগাড়ী উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
আরও পড়ুন: ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনা: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
গোদাগাড়ীর নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে

