যুক্তরাষ্ট্র-কানাডার বিভিন্ন মসজিদে হামলা, আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৮:০৬
 
প্যারিসে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন স্থানে মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ সব হামলার আরো হুমকি আসছে। খবর বিবিসির।
 
সূত্র জানায়, বিভিন্ন ইসলামিক সেন্টারে হামলার হুমকি আসছে এবং ফোনে কুরুচিকর ম্যাসেজ পাঠানো হচ্ছে। মসজিদের দেয়ালে নানা ধরনের ছবি আঁকা হচ্ছে। কিছু কিছু মসজিদে অগ্নিসংযোগও করা হয়েছে। কানাডার কিউবেকে মুসলিমদের হত্যা করা হবে—এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের পর এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
 
মুখে বিভিন্ন রং করা মুখোশ পরিহিত একজন জানান, তারা প্রতি সপ্তাহে একজন করে আরবকে হত্যা করবে। শুক্রবার প্যারিসে নিরীহ লোকদের ওপর হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর এ সব জায়গায় মুসলিম-বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে।
 
যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইসলামিক সম্পর্ক কাউন্সিল ‘সিএআইআর’ এর সঙ্গে যুক্ত একব্যক্তি জানান, সাম্প্রতিক এসব ঘটনায় মুসলামানদের সম্পর্কে এখানকার অনেকের ধারণা পাল্টে যাচ্ছে, যা অবশ্যই নেতিবাচক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ওনটারিওর পিটারবোরাগে কাওয়ারথা মুসলিম ধর্মীয় সংঘের মসজিতে অগ্নিসংযোগের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এ দেশে অশান্তি সৃষ্টি করে—এমন যে কারো বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।