দেশের সঙ্কটেই খালেদার ফেরার সিদ্ধান্ত : বিএনপি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৯:১০


দেশের পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসা অসমাপ্ত রেখেই খালেদা জিয়া আগামী শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছে তার দল বিএনপি। দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ২১ নভেম্বর বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে খালেদা জিয়ার ফেরার কথা রয়েছে।

এর আগে দুপুরে খালেদার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া শনিবার তার দেশে ফেরার বিষয়টি সাংবাদিকদের জানান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সে সময় বলেন, আগামী শনিবার বিকেল নাগাদ বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন।

রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, খালেদা জিয়া তার চিকিৎসা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরছেন। দেশে ক্রান্তিকাল চলছে। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর রাত নয়টা ৩৫ মিনিটে ব্যক্তিগত সফরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। ফোকাস বাংলার।