আরও দুই আইএস বধূর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৬:৩৬

শরণার্থী শিবিরে বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ছেলের মৃত্যুর একদিন পর আরও দুই আইএস বধুর নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটেন। পাকিস্তানি বংশোদ্ভূত এ দু’বোন সিরিয়ায় শরণার্থী শিবিরে অবস্থান করছেন। বিবিসি।

রিমা ইকবাল ও তার বোন ও জারা পূর্ব লন্ডনের বাসিন্দা। ২০১৩ সালে আইএস সদস্যদের বিয়ে করে সিরিয়ায় পালিয়ে যায় তারা। ৩০ বছর বয়সী রীমার এক সন্তান যুক্তরাজ্যে আর আরেকজন সিরিয়ায় জন্মগ্রহণ করেছে। সিরিয়ায় যাওয়ার সময় জারার দ্বিতীয় সন্তান তার গর্ভে ছিল। সিরিয়ায় তৃতীয় সন্তানেরও জন্ম দেয় সে।

বিবিসির জানিয়েছে, এ দুই বোনের নাগরিকত্ব বাতিলের ব্যাপারে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে, তারা বলেছে, ব্যক্তি বিশেষ নিয়ে এই দপ্তর মন্তব্য করে না। তবে তাদের দাবি, প্রমাণের ভিত্তিতেই নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৭ সালে মোট ১০৪ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। আগের বছর এ সংখ্যা ছিলো ৫০ জন। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই বেশিরভাগেই নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ নিউমোনিয়ায় মারা গেল শামীমার শিশুপুত্র

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছিলো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম। পরে সিরিয়ায় নেদারল্যান্ড থেকে আসা আইএসের নওমুসলিম ইয়াগো রিয়েদিজিককে বিয়ে করে সে। আগের দুই সন্তান নষ্ট হওয়ার পর গত মাসে সিরিয়ার শরণার্থী শিবিরে ছেলে সন্তানের জন্ম দেন শামিমা। শিশুটিকে সুস্থ রাখতে শিবির ছেলে ব্রিটেনে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইচ্ছা প্রকাশের পরই তার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

শুক্রবার শামীমার সদ্যজাত শিশুটি নিউমোনিয়ায় মারা যায় বলে জানায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এ ঘটনায় শামীমার নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে।

ইত্তেফাক/টিএস