ভোটারদের কাছে ভবিষ্যত্ প্রজন্মের আবেদন

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৪৭

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় সাড়ে ১০ কোটি ভোটার তাঁদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এই সাড়ে ১০ কোটি ভোটার ছাড়াও দেশে প্রায় সাড়ে ৬ কোটি তরুণ প্রজন্ম রয়েছে যাদের বয়স ১৮ বছরের কম অর্থাত্ শিশু, কিশোর ও তরুণ। আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে দেশের ভোটারদের কাছে একটি আবেদন জানাচ্ছি। যে দল বা জোট আগামীতে দেশে একটি মানসম্মত, দুনীতিমুক্ত ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার নিশ্চয়তা দেবে, একমাত্র সেই দল বা জোটকেই আপনারা ভোট দেবেন। আমরা একটি মানসম্মত ও দুর্নীতিমুক্ত পরিবেশে লেখাপড়া করতে চাই।

আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। একমাত্র মানসম্মত শিক্ষাই একটি জাতিকে উন্নত করতে পারে। শিক্ষার উন্নতি ছাড়া অসংখ্য পদ্মাসেতু, ফ্লাইওভার বা মেট্রোরেল তৈরি করে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শুধু পর্যাপ্ত বাজেট বরাদ্দ করলেই শিক্ষার উন্নতি হয় না। সবার আগে শিক্ষার পরিবেশ ও মান উন্নত করতে হবে। বর্তমানে সবচেয়ে অবহেলিত ও দুর্নীতিগ্রস্ত আমাদের শিক্ষাব্যবস্থা। কোচিং আর প্রাইভেটের যন্ত্রণায় শিক্ষার্থীরা অতিষ্ঠ। অন্যদিকে রয়েছে উন্নয়ন ফি, পরীক্ষার ফি, সেসন ফি ইত্যাদির যন্ত্রণা। দ্রুত বিপুল অর্থবিত্তের মালিক হওয়াই এখন শিক্ষকদের একমাত্র উদ্দেশ্য। শ্রেণিকক্ষে এখন আর কোনো লেখাপড়া নেই, সবকিছুই চলে প্রাইভেট অথবা কোচিং-এ। সকল পরীক্ষার প্রশ্নপত্রই শিক্ষকরা নিজেরাই ফাঁস করছেন। এখন আর আলাদা বাড়ি ভাড়া করে কোচিং সেন্টার চালাতে হয় না। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেই কোচিং চলছে। দেশের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিত সচেতন নাগরিকবৃন্দ শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে দিনের পর দিন আবেদন জানালেও কোনো ফল পাওয়া যায়নি। তাই দেশের সম্মানিত ভোটারদের সদয় অবগতির জন্য জানাচ্ছি—১) সরকারি ও এমপিওভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কোনো অবস্থাতেই কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। ২)  উন্নয়ন ফি, পরীক্ষার ফি, সেসন ফি ইত্যাদি আদায়ের একটি সরকারি নীতিমালা থাকতে হবে। ৩) কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে পঞ্চাশ বছর বয়সের কম কোনো পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। ৪) প্রতিটি শ্রেণিকক্ষে ৫০-৬০ জনের বেশি শিক্ষার্থী থাকতে পারবে না। ৫) বেশিরভাগ শিক্ষার্থী যে শিক্ষককে পছন্দ করে না অর্থাত্ অযোগ্য শিক্ষকদের বাছাই করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে।

যে দল বা জোট ভবিষ্যত্ প্রজন্মের এই দাবিসমূহ বাস্তবায়ন করবে, একমাত্র তাদেরই ভোট দেওয়া উচিত।

সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর

 

 

০