‘২১ আগস্টের মামলা থেকে আইনি লড়াই করে নিষ্কৃতি চান’

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৪:১৫
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান বলেছেন, আমার স্বামী মুজাহিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, এবং অভিযোগপত্র দাখিল করার কারণে জাতির সামনে একজন হত্যাকারী হিসেবে নাম এসেছে। এখন যদি মানবতা বিরোধী অপরাধ মামলায় তার দণ্ড কার্যকর করা হয় তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে আইনি লড়াই করে দায় মুক্তির ‍সুযোগ পাবেন না। এই জন্যই তিনি আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি আবেদন দাখিলের ইচ্ছা পোষণ করেছেন।
 
তিনি বলেন, এই দেশের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক অভিভাবক মনে করেন। তাই মুজাহিদ আশা করেন, তার আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রপতি এ ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেবে।
 
আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে তার পরিবারের সদস্যের পক্ষে মুজাহিদের স্ত্রী  বক্তব্য তুলে ধরেন। 
 
সংবাদ সম্মেলনে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটি শেষ পর্যায়ে। আমার পিতাকে এই মামলায় একাধিকবার বিশেষ বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অতএব তিনি আইনি লড়াই করে এই মামলার দায় থেকে নিষ্কৃতি পেতে চান।
 
তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট  ভাবে কোনো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে মুজাহিদের সম্পৃক্ততার প্রমাণ হয় নি। এই কারণে আমার পিতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো দেয়া সর্বোচ্চ দণ্ড মেনে নিতে পারছি না।