জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর না করার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হলে তার বিচারাধীন অন্য মামলাগুলো অকার্যকর হয়ে যাবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি পাঁচটি মামলা বিচারাধীন থাকে এবং এর মধ্যে যেকোনো একটি মামলায় প্রথমেই মৃত্যুদণ্ড হয়, তবে বাকি চারটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না এ ধরনের দাবি অযৌক্তিক।
তিনি বলেন, মুজাহিদ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও উৎসাহ প্রদানকারী। বুদ্ধিজীবী হত্যার দায়ে তাকে দেয়া সর্বোচ্চ দণ্ড আইন অনুযায়ী হয়েছে।
মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যার অভিযোগ নেই-এমন দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হিটলার কি কাউকে পিস্তল দিয়ে মেরেছিলেন?
তিনি বলেন, মুজাহিদের সামনে এখন শুধু রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ আছে। অন্য কোনো আবেদন তিনি করতে পারবেন না।
