নাগেশ্বরীতে শিশু হত্যায় দায় স্বীকার করলেন মা

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৭:২৮

নাগেশ্বরীতে ১৩ দিনের শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন মা বিলকিছ আক্তার (৩১)। সে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী গ্রামের দিনমজুর বায়েজিদ আহমেদের স্ত্রী। রবিবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পোস্ট মর্টেমের জন্য শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বিলকিছ আক্তার শনিবার সকাল ১০ টার পর শিশুটিকে হত্যা করে। পরে লাশ পায়খানার ট্যাংকিতে লুকিয়ে রাখে। গোসল সেরে দুপুরের খাওয়া দাওয়াও করে সে। এক সময় তার কোলে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সে কিছু জানে না বলে জানায়।

এরপর শিশুটিকে বাড়ির চারদিকে খুঁজতে থাকে বাড়ির লোকেরা। এক পর্যায়ে তারা দেখতে পায় বাড়ির পায়খানার ঢাকনা সরানো। তার পাশে পড়ে আছে শিশুটির ব্যবহৃত কাপড়। এতে তাদের সন্দেহ আরো তীব্র হয়। তারা আবারো তাকে জোর দিয়ে জিজ্ঞেস করলে দুপুর ২টায় সে শিশুটির লাশ পায়খানার ট্যাংকি থেকে বের করে।

বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নিয়ে যায়। রাতে শিশুটির দাদা সাবেক ইউপি মেম্বার জেলাল উদ্দিন বাদী হয়ে বিলকিছ আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ কেন্দুয়ায় পল্লী বিদ্যুত সংযোগে অর্থ আদায়ের অভিযোগ

নাগেশ্বরী থানার এস.আই সারওয়ার পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু