‘প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নেই'

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৫:০৬
 
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
এর আগে সকালে মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা বিষয়ে জানতে কারাগারে যান দুই ম্যাজিস্ট্রেট। পরে ঐ দুইনেতা প্রাণভিক্ষা চেয়েছেন বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিব অপরাধ ট্রাইবু্যানাল। পরে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিলে তাদের আবেদন খারিজ করে দেয়া হয়। এরপর রিভিউ পিটিশন করলেও সেটিও খারিজ করে দেয় আপিল বিভাগ। 
 
পরে রায় দুটিতে প্রধান বিচারপতি এসকে সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক স্বাক্ষর করেন। স্বাক্ষর করেই রায় দুটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা রায়টি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এরপর সেটি ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হয়।