‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকে রুখে দাঁড়াতে হবে’

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৫:৪৭
 
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা যে ঐক্যের মধ্য দিয়ে সবকিছু অতিক্রম করে স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতার পরে যে সব আঘাত এসেছে, তা আমরা মোকাবেলা করেছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য জনগনকে রুখে দাঁড়াতে হবে।
 
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডমেতে গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ড. কামাল হোসেন বলেন, দেশে আজ আইনের শাসন নেই। দশ বছরেও আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যার বিচার হয়নি। সাধারণ মানুষ আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সাতক্ষীরার মাটি থেকে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করছি এবং শেষও করব এখানেই।
 
সাতক্ষীরা জেলা গণফোরামের আহবায়ক এম জামান খানের সভাপতিত্বে সেখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য এড. আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আ.ফম. শফউিল্লাহ, সাংগঠনকি সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।