অপরাধ স্বীকার করে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মো. মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার পর কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এসএমএসের মাধ্যমে বিজিবি মোতায়েনের খবরটি নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত নাশকতা এড়াতে বিজিবি মোতায়েন থাকবে।
শনিবার সকাল থেকে কারাগারের সামনে র্যাব-পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। বিকালে বিভিন্ন বাহিনীর সদস্য কয়েকগুণ বেড়ে যায়। কারা ফটকের আশপাশে গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে চলাফেরা করতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। সাংবাদিকদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে বলা হয়েছে।
বিকেল ৪টার আগে শুধু র্যাব সদস্যদের সশস্ত্র পাহারায় দেখা গেলেও সন্ধ্যার আগে থেকে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।
