যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় হরতাল শুরু হয়। হরতালে নাশকতার আশঙ্কায় রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।
রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, কালশী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। রাজধানী বিভিন্ন পয়েন্টে ও রাস্তার মোড়ে-মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এ সময় রাস্তাগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়।
এদিকে আব্দুল্লাহপুর, রাজলহ্মী, জসীম উদ্দিন, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, রেডিসন, গুলশান, বনানী এলাকা ঘুরে দেখা যায়, এসব স্থানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গণপরিবহন অন্য দিনের মতোই চলছে।
এয়ারপোর্ট চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসির বলেন, 'আমরা সবোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।'
