বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১১:৩৯
বগুড়ার চারমাথা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 
 
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আটককৃতরা হলেন- চালক আব্দুল হামিদ (৩৫) ও হেলপার মাসুদ (২২)। তারা বগুড়া সদরের বারপুর মধ্যপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় অজ্ঞাত এক পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটক করে। তবে চালক আব্দুল হামিদ দুর্ঘটনায় আহত হওয়ার কারণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।